Logo
Logo
×

সারাদেশ

মাদকবিরোধী সমাবেশে মুখোমুখি এনসিপির এমপি ও ছাত্রদল

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:২৭ পিএম

মাদকবিরোধী সমাবেশে মুখোমুখি এনসিপির এমপি ও ছাত্রদল

আতিক মুজাহিদ ও সোহেল রানা

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের এক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ছাত্রদলের ফুলবাড়ী উপজেলা শাখা। সংগঠনটির দাবি, একটি মাদকবিরোধী সভায় দেওয়া বক্তব্যে নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে, যা তাদের ভাষ্য অনুযায়ী ভিত্তিহীন।

ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রেজাউল ইসলাম (রেজা) ও সদস্য সচিব শ্রী বিষ্ণু চন্দ্র সেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত একটি পথসভায় সংসদ সদস্য রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং সামাজিক সচেতনতামূলক কর্মসূচিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন বলে তাদের অভিযোগ। একই সঙ্গে সভায় নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ তোলা হয়েছে বলেও দাবি করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক একটি জাতীয় ও সামাজিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাই মাদকবিরোধী কর্মসূচিতে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে প্রমাণ ছাড়া অভিযোগ উত্থাপন করা উচিত নয় বলে সংগঠনটির মত।

প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল নিয়মিত মাদকবিরোধী সচেতনতা, জনসচেতনতামূলক কার্যক্রম এবং সামাজিক উদ্যোগে অংশ নিয়ে আসছে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে বলেও এতে অভিযোগ করা হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে  জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা বলেন, কুড়িগ্রাম-২ আসনের এমপি আতিক মুজাহিদ যে বক্তব্য দিয়েছেন- তা রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্রসংগঠন। ইতিহাস-ঐতিহ্যবাহী সংগঠনকে জড়িয়ে এমপি সাহেব ঢালাওভাবে ছাত্রদলের সকল নেতা-কর্মীকে আঘাত করেছেন। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ছাত্রদলকে নিয়ে অপ্রত্যাশিত ও উদ্দেশ্য প্রণোদিত তার দেয়া বক্তব্য প্রত্যাহারের আহবান জানাচ্ছি।

তিনি আরো বলেন, এমপি মহোদয় সমাবেশে কেন ব্যক্তির নাম উল্লেখ করে বক্তব্য দিলেন না। ৬ বছর থেকে ফুলবাড়িতে কোন ইউনিয়নেই ছাত্রদলের কমিটি নেই। ছাত্রদলের কোন সদস্য মাদকের সাথে জড়িত নয়। যদি কেউ ছাত্রদলের নাম ভাঙিয়ে কোন অপকর্মে জড়িত থাকে তার দায় দল নিবে না।

তবে প্রেস বিজ্ঞপ্তিতে উত্থাপিত অভিযোগ এবং ছাত্রদলের দাবির বিষয়ে কুড়িগ্রাম-২  আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেন, মাদকবিরোধী সমাবেশে আমি কাউকে আঘাত করার জন্য বক্তব্য দেইনি। যারা মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত তাদেরকে উদ্দেশ্য করে বলেছি। আমার কাছে তথ্যপ্রমাণ আছে-ছাত্রদলের এক কর্মী দু'টি মাদক মামলার আসামী। যদি কেউ বক্তব্য গায়ে মাখায় নেয় তাহলে বুঝতে হবে তারাও মাদকের সাথে জড়িত।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন