Logo
Logo
×

সারাদেশ

বাঞ্ছারামপুরে ভুয়া চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:০৯ পিএম

বাঞ্ছারামপুরে ভুয়া চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা

চোখের চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের আস্থা অর্জন করে প্রতারণার অভিযোগে অবশেষে ভ্রাম্যমাণ আদালতের জালে ধরা পড়েছেন এক ভুয়া চিকিৎসক। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের নূরজাহান শপিংমলে পরিচালিত অভিযানে মো. শহীদুল্লাহ নামে ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাজী মুখলেছুর রহমান চক্ষুসেবা কেন্দ্র ও চশমাঘর থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া।

উপজেলা প্রশাসন জানায়, অভিযানের সময় নিজেকে চিকিৎসক দাবি করলেও মো. শহীদুল্লাহ কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি, নিবন্ধন কিংবা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযুক্ত শহীদুল্লাহ কক্সবাজার জেলার রামু উপজেলার শামসুল আলম শিকদারের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, তিনি প্রায় এক দশক ধরে বাঞ্ছারামপুর, নবীনগর, নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং কুমিল্লার হোমনা এলাকায় নিজেকে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখতেন। শুধু তাই নয়, বিভিন্ন চক্ষু হাসপাতালে অপারেশনের কথা বলে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ মিয়া, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিনিধি মাহফুজুর রহমান, এসআই লুতফুর রহমান এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, "জনস্বাস্থ্যের সঙ্গে প্রতারণার কোনো সুযোগ নেই। ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন