টানা ভারী বর্ষণ, পাহাড়ধসের আশঙ্কা ও যোগাযোগ ব্যবস্থার ঝুঁকি বিবেচনায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে সবধরনের পর্যটন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাঙামাটি জেলা প্রশাসনের মিডিয়া সেলে প্রকাশিত জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বন্যা সতর্কীকরণকেন্দ্রের সর্বশেষ পূর্বাভাস এবং সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে ভূমিধস, পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে জনসাধারণ ও পর্যটনদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় সাজেকের সব পর্যটনকেন্দ্র, কটেজ, পাহাড়ি ট্রেইল, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন।



