উখিয়ায় ঘরের মাটির দেয়াল চাপায় দিনমজুরের মৃত্যু
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম
অতিবৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় ঘরের মাটির দেয়াল চাপায় এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের জামবাগান এলাকার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহান।
নিহত মোহাম্মদ মালেক (৪০) ওই এলাকার ছৈয়দুর রহমানের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
প্রতিবেশীদের বরাত দিয়ে ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহান জানান, ঘটনার সময় নিহত ব্যক্তি দুপুরের খাবার খেতে বসেন। সময় অতিবৃষ্টির কারণে ঘরের মাটির দেয়াল ধসে মালেক দেয়াল চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আর কেউ আহত হয়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এ ছাড়া কক্সবাজারে অতিবৃষ্টিতে পাহাড় ধসে ১১ জন, পানিতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে।



