কক্সবাজারে আবারও পাহাড় ধ্বসে নারীর মৃত্যু, দুই দিনে মৃতের সংখ্যা ১১
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:১১ পিএম
কক্সবাজারে আবারও পাহাড় ধ্বসে এক নারীর মৃত্যু হয়েছে। এ দুইদিনে ৮ রোহিঙ্গা সহ ১১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌনে ২ টার দিকে কক্সবাজারের সদরের দরিয়ানগরের বড়ছড়াপাড়ায় গাছ সহ পাহাড় ধ্বসে মাটি চাপায় মারা যান নাছিমা আকতার লিমা (২৭) নামের এক নারী।
এ ঘটনায় নিহত লিমার স্বামী জসিম উদ্দিনকে আহতাবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মোহাম্মদ ইউনুছ।
প্রতিবেশিদের বরাত দিয়ে তিনি জানান, স্বামী-স্ত্রী দুপুরের খাবার পর ঘরের ভেতর বিশ্রাম নিচ্ছিলেন। এসময় বাড়ির পেছনের পাহাড় থেকে এক বড় গাছ সহ ধ্বসে মাটি চাপা পড়ে। চিকিৎসার শুনে স্থানীয়রা মাটি সরিয়ে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা দেন।
ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান সহ প্রশাসনিক কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
জেলা প্রশাসক মো. আ. মান্নান জানিয়েছেন, গতকাল (সোমবার) দিনব্যাপী পাহাড়ের পাশে বসবাসকারিদের দ্রুত সরে যেতে নানাভাবে প্রচার-মাইকিং করা হয়। পাহাড়ের ধ্বসের এলাকাটিতে কয়েকবার প্রচার চালিয়েছে নিহতের পরিবার সহ অন্যান্যদের সরে যেতে বলা হয়েছিল। কিন্তু তা শুনছেন না কেউ। এখন হয়তো বলপ্রয়োগ বা আইন প্রয়োগ করে ঝুঁকিপূর্ণ বসবাসকারিদের সরিয়ে নিতে হবে।
ফায়ার সার্ভিসের কক্সবাজার স্টেশনের সিনিয়র কর্মকর্তা দোলন আচর্য্যও একই কথা বলেছেন। তিনি বলেন, সোমবার বিকাল নিহতদের পরিবারটিতে ডেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু সরে যাবে বলে যাননি। মঙ্গলবারও বিভিন্ন এলাকায় ফায়ার সার্ভিস মাইকিং অব্যাহত রেখেছে।
এদিকে কক্সবাজারে এখন বৃষ্টি অব্যাহত রয়েছে। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, সোমবার বৃষ্টি ছিল ১২৯ মিলিমিটার। মঙ্গলবার সকাল ৬ টা থেকে বিকাল ৩ পর্যন্ত ৯ ঘন্টায় মোট ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা আরো আছে।
তিনি জানান, মঙ্গলবার বৃষ্টির মূল পয়েন্ট-হটস্পট চট্টগ্রাম। কক্সবাজারেও হচ্ছে। তবে কুতুবদিয়া, চকোরিয়া, চট্টগ্রামে বৃষ্টি বেশি। এছাড়া অন্যান্য উপকূলীয় এলাকাতেও বৃষ্টিপাত অব্যাহত আছে।
এর আগে সোমবার পাহাড় ধ্বসে রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন, কক্সবাজার শহর ও পেকুয়া একজন করে ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বৃষ্টিতে পানিতে ডুবে এক রোহিঙ্গা সহ ২ শিশুর মৃত্যু হয়েছে।



