Logo
Logo
×

সারাদেশ

মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ২০

Icon

কুমিল্লা (দক্ষিণ জেলা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম

মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ২০

কুমিল্লার মনোহরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস বিকল ট্রাকের পেছনে ধাক্কা দিলে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হন। একই দিনে উপজেলার খিলা বাজার এলাকায় বাসের ধাক্কায় আরও এক নারীর মৃত্যু হয়েছে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কাঁচি এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে। মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলাচল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-২০৭৩) একটি যাত্রীবাহী বাস কাঁচি এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়।

নিহত ব্যক্তি হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাচিহাটা গ্রামের মোস্তফা কামাল বাচ্চু (৭০)। আহত হন অন্তত ২০ জন যাত্রী, যাদের অধিকাংশই নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নাথেরপেটুয়া জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

দুর্ঘটনার খবর পেয়ে লাকসাম-লালমাই হাইওয়ে থানা ও নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

এদিকে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার খিলা বাজার এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন উপজেলার খানাতুয়া গ্রামের বাসিন্দা তাসলিমা আক্তার। তিনি ইসলামী ব্যাংক-এর সিনিয়র অফিসার আবু জাফর-এর স্ত্রী।

পৃথক এ দুই সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন