মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ৩ স্কুলছাত্র নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১১:৪১ এএম
সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নয়াবস্তি গ্রামের সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের রায়হান আহমেদ ওরফে রাহুল (১৬) ও লাখেরপাড় গ্রামের জয় (১৬)। তারা তিনজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও সহপাঠী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে জাফলং চা বাগান এলাকায় বেড়াতে যায়। পরে রাধানগর বাজারের দিকে যাওয়ার পথে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই সাকিব আহমদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রায়হান ও জয়কে উদ্ধার করে সিলেট কুইন্স হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনের মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



