নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা মাশেকুর রহমান লিটন ভূইয়ার মৃত্যু
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম
নরসিংদীর মনোহরদী উপজেলায় মোটরসাইকেল ও একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাশেকুর রহমান লিটন ভূইয়া (৪৪) নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাশেকুর রহমান লিটন ভূইয়া বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ছোট ভূঁইয়া বাড়ির বাসিন্দা সুরুজ মিয়ার ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই ছেলে সন্তানের জনক। পাশাপাশি তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং বিন্নাবাইদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বেলাব উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক প্রণোদনা ও শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে মাশেকুর রহমান লিটনও অংশ নেন। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে নরসিংদীর বাসায় ফেরার পথে মনোহরদীর নোয়াদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী শফিকুল ইসলাম জানান, লিটন ভূইয়া রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ও জনপ্রিয় ব্যক্তি ছিলেন। মন্ত্রীর অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তিনি একজন সৎ, সদালাপী ও মানবিক মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
নিহতের খালু বাচ্চু মিয়া বলেন, মন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। অনুষ্ঠান শেষে ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তার অকাল প্রয়াণে স্ত্রী ও দুই সন্তানসহ পুরো পরিবার গভীর শোক ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।



