শেরপুরে কুঠারের আঘাতে যুবক আহত, একই পরিবারের ৩ জন হাসপাতালে
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০১:৪২ পিএম
বগুড়ার শেরপুর উপজেলার ইটালী গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কুঠার, শাবল ও দেশীয় অস্ত্রের আঘাতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শামীম (২৫) নামে এক যুবকের মাথায় কুঠারের আঘাত লাগায় তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শনিবার (৪ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ইটালী গ্রামের নবীর উদ্দিনের বাড়ির উঠানে এ হামলার ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে বেলা ৩টার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতরা হলেন, ইটালী গ্রামের রফিকুল ইসলাম (৫৫), তার ছেলে মো. শামীম (২৫) এবং সুলতান মাহমুদ (৩৫)। হাসপাতাল সূত্রে জানা যায়, শামীমের মাথায় গুরুতর জখম, রফিকুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে এবং সুলতান মাহমুদের মাথা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
আহত পরিবারের অভিযোগ, একই গ্রামের নবীর উদ্দিন (৫০), তার ছেলে বাবু (২২), আইয়ুব (২০) এবং স্ত্রী ফিরোজা বেগম (৪৫) দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। অভিযোগ অনুযায়ী, বাবু কুঠার দিয়ে শামীমের মাথায় আঘাত করেন, আইয়ুব শাবল দিয়ে আঘাত করেন এবং ফিরোজা বেগম কামড়ে আহতদের জখম করেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহত রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
রবিবার ( ০৫ জুলাই) সকালে ইটালী গ্রামের নবীর উদ্দিনের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



