বগুড়ায় নিজ বাড়ির বাথরুম থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বগুড়া অফিস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৩ পিএম
বগুড়া মহানগরের জলেশ্বরীতলা এলাকায় নিজ বাড়ি থেকে আনোয়ার হোসেন (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০৩ জুলাই) রাত ৯টার দিকে বাড়ির দরজা ভেঙে বাথরুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শনিবার (৪ জুলাই) দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত আনোয়ার হোসেন জলেশ্বরীতলা এলাকার মৃত নুরুল হকের ছেলে। তিনি জলেশ্বরীতলার কাজী অফিসসংলগ্ন এলাকায় নিজ বাড়ির দ্বিতীয় তলায় একা থাকতেন।
বগুড়া সদর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাথরুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশে এই কর্মকর্তা আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হয়েছে।



