Logo
Logo
×

সারাদেশ

সরকারি নালা নির্মাণে বাধা, অভিযুক্ত যুবলীগ নেতা গ্রেপ্তার

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম

সরকারি নালা নির্মাণে বাধা, অভিযুক্ত যুবলীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নে সরকারি খাস (হালট) জমিতে পানি নিষ্কাশনের জন্য নালা নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগে যুবলীগ নেতা মো. আনোয়ার হোসেন ওরফে কালা (৪৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) উপজেলার পলাশহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পোগলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি খাস জমিতে পানি নিষ্কাশনের জন্য নালা নির্মাণকাজে বাধা, সরকারি জমি দখল এবং এক ব্যক্তির ওপর হামলার অভিযোগে কলমাকান্দা থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পর বিষয়টি তদন্ত শুরু করে পুলিশ।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি হালট দখল করে রাখার কারণে ওই এলাকার কৃষিজমির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে পারছে না। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে প্রতিবছর কৃষকদের ফসলের ক্ষতি হচ্ছে। এ অবস্থায় সরকারি উদ্যোগে নালা নির্মাণকাজ শুরু হলে আনোয়ার হোসেন বাধা দেন বলে অভিযোগ ওঠে।

কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার জানান, অভিযোগ তদন্তের ধারাবাহিকতায় আনোয়ার হোসেন ওরফে কালাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সচেতন মহল সরকারি উন্নয়নকাজে বাধা ও সরকারি জমি দখলের অভিযোগে প্রশাসনের নেওয়া পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন। একই সঙ্গে তারা সরকারি খাস জমি দখলমুক্ত করে দ্রুত নালা নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন