নেত্রকোনা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন, প্রভাবশালী মহলের দ্বন্দ্বে আটকে প্রকল্প
নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:৫১ পিএম
প্রতিষ্ঠার আট বছর পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাস, নিজস্ব হাসপাতাল ও আবাসন সুবিধা না পাওয়ায় নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চরম সংকটে পড়েছে। এ অবস্থায় দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ‘নাগরিক অধিকার কমিটি, নেত্রকোনা’।
বুধবার (১ জুলাই) দুপুরে জেলা প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, দ্রুত স্থান নির্ধারণ করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হলে জেলার ২৫ লাখ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
বক্তারা জানান, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর মেডিকেল কলেজ থেকে ইতোমধ্যে দুটি ব্যাচ চিকিৎসক বের হলেও এখনো নিজস্ব ক্যাম্পাস গড়ে ওঠেনি। অধ্যাপকের ১২টি পদের মধ্যে মাত্র তিনটি পূরণ রয়েছে। শিক্ষক সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব, নিজস্ব হাসপাতাল ও হোস্টেল না থাকায় শিক্ষা ও ক্লিনিক্যাল কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এখনো আইসিইউ সুবিধা নেই।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা দাবি করেন, স্থানীয় প্রভাবশালী মহলের ব্যক্তিস্বার্থ ও স্থান নির্বাচন নিয়ে দ্বন্দ্বের কারণেই প্রকল্পটি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। তারা বলেন, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জমি থেকে ৫০ একর মেডিকেল কলেজের জন্য বরাদ্দের সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার জানান, আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ৫০ একর জমি মেডিকেল কলেজকে দেওয়ার বিষয়টি কাগজে-কলমে রয়েছে। জেলা প্রশাসন দুই দফা জমি মেপে সীমানাও নির্ধারণ করেছে। তবে নতুন কোনো নির্দেশনা না পাওয়ায় পরবর্তী কার্যক্রম এগোয়নি। সরকারের নির্দেশনা পেলেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



