ধলাই নদীতে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে নদী থেকে মরদেহটি উদ্ধার করেন নিহতের বাবা।
নিহত হোসাইন (১০) পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার দক্ষিণপাড়া গ্রামের রুক্কু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে হোসাইন তার দুই বন্ধু সাইমন ৬ ও আরিয়ান ১০ এর সঙ্গে খেলার ছলে কালডোয়ার পশ্চিমপাড়া এলাকার ধলাই নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে নদীর গভীর পানিতে তিনজনই তলিয়ে যেতে থাকে। এ সময় সাইমনের বড় বোন আঁখি ১৪ নদীর ঘাটে এসে তাদের হাবুডুবু খেতে দেখে। তাৎক্ষণিকভাবে পানিতে ঝাঁপ দিয়ে সে সাহসিকতার সঙ্গে তার ভাই সাইমন ও আরিয়ানকে জীবিত উদ্ধার করে। তবে হোসাইনকে আর খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চালায়। নিখোঁজের সন্ধান না পাওয়ায় সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়।
এ ঘটনায় পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে মঙ্গলবার পুনরায় অভিযান পরিচালনার নির্দেশ দেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছিল। এর আগেই স্বজনরা ট্রলার ও নৌকা নিয়ে নদীতে খোঁজ শুরু করেন। একপর্যায়ে সকালে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে হোসাইনের মরদেহ ভাসতে দেখেন তার বাবা রুক্কু মিয়া। পরে তিনি নিজেই মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এ সময় এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



