Logo
Logo
×

সারাদেশ

ভাইরাল ভিডিওর জেরে গ্রাম পুলিশ আটক, সাময়িক বরখাস্ত

Icon

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:১৯ পিএম

ভাইরাল ভিডিওর জেরে গ্রাম পুলিশ আটক, সাময়িক বরখাস্ত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চুরির অভিযোগে এক কিশোরকে জনসম্মুখে মাথা ন্যাড়া করে দেওয়ার অমানবিক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর মূল অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য রতন রবি দাশকে মঙ্গলবার (৩০ জুন) আটক করেছে পুলিশ। একই সঙ্গে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ভুক্তভোগী কিশোর মো. রাব্বিল (১৪) উপজেলার বানাইকোনা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। আটক রতন রবি দাশ পাচগাঁও গ্রামের বিন্দু রবি দাশের ছেলে এবং রংছাতি ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, পাচগাঁও বাজারের একটি হার্ডওয়্যার দোকানে চুরির ঘটনায় রাব্বিলকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার কাছ থেকে সাত হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। তবে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরিবর্তে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে গ্রাম পুলিশ রতন রবি দাশ তার মাথা ন্যাড়া করে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চুল কাটার সময় কিশোরটি কাঁদতে কাঁদতে ক্ষমা চাইছে এবং ভবিষ্যতে আর এমন কাজ করবে না বলে অনুরোধ জানাচ্ছে। কিন্তু উপস্থিত কেউ তাকে রেহাই দেয়নি।

আটকের পর রতন রবি দাশ দাবি করেন, বাজারের লোকজন তাকে একশো টাকা দিয়ে কিশোরটির মাথা ন্যাড়া করতে বলেন। তিনি বলেন, “আমি গ্রাম পুলিশের দায়িত্ব পালন শেষে সেলুনে কাজ করি। লোকজনের কথায় এ কাজ করেছি। আমি অনুতপ্ত।”

রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্তকে শনাক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানাকে অবহিত করা হয়। পরে পুলিশ তাকে আটক করে। একই সঙ্গে তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, ঘটনার প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুলিশকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”

আইন নিজের হাতে তুলে নিয়ে একজন কিশোরকে প্রকাশ্যে অপমান ও শাস্তি দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন