বরুড়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বরুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৫২ পিএম
মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার বরুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বরুড়া উপজেলা কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ফয়সাল আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেদোয়ান হাসান সাগর, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ কর্মসূচির মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগাতে উদ্বুদ্ধ করা হবে।
অনুষ্ঠান শেষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।



