Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে ঝালমুড়ির ২০ টাকা নিয়ে বাকবিতণ্ডা, যুবককে ছুরিকাঘাত

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৫৩ এএম

কিশোরগঞ্জে ঝালমুড়ির ২০ টাকা নিয়ে বাকবিতণ্ডা, যুবককে ছুরিকাঘাত

কিশোরগঞ্জ সদর উপজেলায় মাত্র ২০ টাকার ঝালমুড়ির দাম পরিশোধকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনাকে ঘিরে মোহাম্মদ আমিন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।

রোববার (২৮ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার যশোদল ইউনিয়নের নধার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত আমিন সদর উপজেলার যশোদল ইউনিয়নের নধার গ্রামের চাঁন মিয়ার ছেলে। অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা সোহেল (৩১) একই গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে আমিন তার বন্ধু মোবারককে সঙ্গে নিয়ে এলাকার ঝালমুড়ি বিক্রেতা সোহেলের দোকানে যান। সেখানে দুজন ঝালমুড়ি খাওয়ার পর আমিন সোহেলকে জানান, তিনি পরে ২০ টাকা পরিশোধ করবেন। তবে সোহেল তাৎক্ষণিক টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়।

পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন আমিনের বন্ধু মোবারক। তিনি নিজের কাছ থেকে ঝালমুড়ির ২০ টাকা পরিশোধ করে দেন। কিন্তু টাকা পরিশোধের পরও আমিন ও সোহেলের মধ্যে উত্তেজনা কমেনি। উভয়ের মধ্যে বাকবিতণ্ডা চলতে থাকলে একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সোহেল তার কাছে থাকা একটি ধারালো ছুরি বের করে আমিনের ওপর এলোপাতাড়ি হামলা চালান। ছুরিকাঘাতে আমিন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা তাকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

স্থানীয় এলাকায় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, হঠাৎ চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি আমিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। এমন একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক।

আহতের বড় ভাই আল আমিন বলেন, মাত্র ২০ টাকার ঝালমুড়ির টাকা নিয়ে আমার ভাইয়ের ওপর এমন নৃশংস হামলা করা হয়েছে। আমার ভাইয়ের অবস্থা এখনও আশঙ্কাজনক। আমরা হামলাকারীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন