Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ, এলাকায় আতঙ্ক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:১২ পিএম

টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ, এলাকায় আতঙ্ক

কক্সবাজারে টেকনাফের বাহারছড়ায় দিনদুপুরে বাড়ি থেকে অস্ত্রের মুখে পল্লী ও হোমিওপ্যাথিক এক চিকিৎসককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

রোববার (২৮ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালিয়া জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত ডা. কামাল উদ্দিন ওরফে বিএ কামাল (৬৫) একই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় পল্লী ও হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে নিয়োজিত রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের স্বজনরা জানিয়েছেন, রোববার দুপুরে একদল সশস্ত্র দুর্বৃত্ত পাহাড়ী এলাকা থেকে নেমে ডা. কামাল উদ্দিনের বাড়িতে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে বাড়ীর লোকজনকে জিম্মি করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গহীন পাহাড়ী এলাকার দিকে চলে যায়। দুর্বৃত্তদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় স্বজনরা বাধা দিতে সাহস করেনি। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর ঘটনার ব্যাপারে পুলিশ ও বিজিবিকে অবহিত করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস বলেন, প্রকাশ্যে এ ধরনের অপহরণের ঘটনায় এলাকাবাসী চরম আতঙ্কের মধ্যে রয়েছে। তিনি দ্রুত অপহৃত চিকিৎসককে উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিনদুপুরে এক পল্লী চিকিৎসককে অস্ত্রের মুখে অপহরণের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পুলিশের পাশাপাশি অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

তবে ঘটনা কারা, কি কারণে সংঘটিত করেছে পুলিশ তা নিশ্চিত হতে পারেনি বলেও জানান, পরিদর্শক মো. আবু সাঈদ।

এদিকে অপহরণের ঘটনায় চিকিৎসকের পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত ডা. কামাল উদ্দিনকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন