১৫ জুলাই নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নির্বাচন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০১:১২ পিএম
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় অবস্থিত সংগঠনটির নিজস্ব কার্যালয় আব্বাস টাওয়ারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সদ্য বিদায়ী সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসীমউদ্দীন মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্টুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও আটা-ময়দা মিল মালিকরা।
সাধারণ সভায় আগামী ১৫ জুলাই নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নির্বাচনের দিন ধার্য করা হয়। সভায় জানানো হয়, ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। খসড়া ভোটার তালিকায় ৩৮ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ৬৬টি মিলের মধ্যে ৩৮ জন আগামী নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করবেন। আগামী কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯ সদস্য নির্বাচিত হবেন।
বক্তারা বলেন, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতি একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠন। ১৯৭১ সাল থেকে প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় এই সংগঠন আটা-ময়দা ব্যবসার উন্নয়ন, মিল মালিকদের স্বার্থ সংরক্ষণ এবং বাজার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সভায় আরও বলা হয়, নারায়ণগঞ্জের আটা-ময়দা মিলগুলো দেশের খাদ্যপণ্য সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সংশ্লিষ্টদের দাবি, এখানকার মিলগুলো দেশের আটা-ময়দার বড় একটি চাহিদা পূরণে ভূমিকা পালন করে থাকে। তাই এই সমিতির নেতৃত্ব নির্বাচন ব্যবসায়ী মহল ও সংশ্লিষ্ট খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাধারণ সভায় বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের বিগত সময়ের সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন উপস্থিত সদস্যরা। তারা বলেন, সংগঠনকে গতিশীল রাখতে নেতৃত্বের সততা, দায়িত্ববোধ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত জরুরি। আগামী দিনে যারা সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির বিভিন্ন পদে নির্বাচিত হবেন, তারা যেন আরও দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং মনোভাব নিয়ে সংগঠনের উন্নয়নে কাজ করেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সদস্যরা।
সভায় বিভিন্ন ফ্লাওয়ার মিল মালিকরা বক্তব্য রাখেন। বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, মিল মালিকদের সমস্যা, ব্যবসায়িক চ্যালেঞ্জ, বাজার পরিস্থিতি এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত তুলে ধরেন। তারা বলেন, ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমে আটা-ময়দা মিল মালিকদের স্বার্থ রক্ষা ও ব্যবসার পরিবেশ আরও উন্নত করা সম্ভব।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সদস্য ও অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।



