নরসিংদীতে আলোচিত কুকুর হত্যায় জড়িত নারী গ্রেপ্তার
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:৫৩ পিএম
নরসিংদীতে কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় সহযোগিতাকারী অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সন্ধায় নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নারী শাহিনারা বেগম (৫২) নরসিংদী পৌর এলাকার কামারগাঁওের আব্দুল আজিজের স্ত্রী।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম আল-মামুন জানান, গত বুধবার সকালে একটি কুকুরকে গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলে নৃসংশভাবে হত্যার ঘটনাটি সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর পরই জেলা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনা করে প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে মোহাম্মদ আলীকে প্রধান করে ২/৩জন অজ্ঞাত আসামী দিয়ে মামলা দায়ের করা হয়।
শনিবার সন্ধায় অজ্ঞাত আসামী হিসেবে পলাতক থাকা (ভিডিওতে প্রকাশিত) নারীকে সদর উপজেলার নজরপুরে তার আত্মিয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে কুকুরটি হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও এই ঘটনায় বাকী অভিযুক্তদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।
এর আগে বুধবার সকালে নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রীজ থেকে কুকুরের গলায় ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে নৃসংশভাবে হত্যা করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরলা হলে ব্যাপক আলোচনা-সামালোচনার সৃষ্টি হয়। শনিবার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও আসে। এসময় তিনি এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশনা প্রদান করেন।



