হাটহাজারীতে আগ্নেয়াস্ত্রসহ ৪ কিশোর আটক
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মাদক ও ছিনতাইবিরোধী একটি সামাজিক সভায় হামলার পরিকল্পনা এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগসহ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ চার কিশোরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলম কোম্পানির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন চিকনদণ্ডী ইউনিয়নের আরিফুল হক ওরফে বাদশাহ (১৯), সাতকানিয়ার বাসিন্দা মোহাম্মদ হাসান (১৮), শিকারপুর ইউনিয়নের ফয়সাল ইসলাম ওরফে জাহেদ (১৭) এবং খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ওয়াহিদুজ্জামান রাকিব (১৬)।
স্থানীয়রা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও ছিনতাই প্রতিরোধে বিভিন্ন পাড়া-মহল্লার বাসিন্দারা নিয়মিত সচেতনতামূলক সভা করে আসছেন। শুক্রবার রাতেও এমন একটি সভা চলাকালে কয়েকজন যুবক ব্যাটারিচালিত অটোরিকশায় করে অস্ত্র নিয়ে হামলা ও ডাকাকির উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করে।
তারা আরও জানান, অটোরিকশাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা সেটি থামানোর চেষ্টা করেন। এ সময় চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে অটোরিকশাটি আটকানো হয়। পরে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র এবং কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হলেও একজন পালিয়ে যান। পরে এলাকায় অভিযান চালিয়ে তাকেও আটক করা হয়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, আটক কিশোররা একটি কিশোর গ্যাংয়ের সদস্য। তারা দীর্ঘদিন ধরে গার্মেন্টসকর্মীসহ পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিত। এসব ঘটনায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসী মাদক ও ছিনতাইবিরোধী সামাজিক উদ্যোগ জোরদার করেন।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে আটক চার কিশোর, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও অন্যান্য দেশীয় অস্ত্রের জিম্মা নেয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাোহাম্মদ তারেক আজিজ জানান,আটককৃতরা এলাকায় ডাকাতি সহ ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল,এলাকাবাসী জানতে পেরে তাদেরকে ধরে পুলিশকে খবর দিলে হাটহাজারী থানা পুলিশের একটি টিম তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



