প্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আটক ব্যক্তি, এলাকাবাসীর গণপিটুনি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:৫৪ পিএম
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা হেষারপাড়া এলাকায় ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযোগের পর স্থানীয়রা মো. ফিরোজ হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে রেখেছেন।
স্থানীয়দের দাবি, প্রথমদিকে ফিরোজ হোসেন অভিযোগ অস্বীকার করলেও পরে প্রতিবন্ধী শিশুর অভিযোগের বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দেন। এরপর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।
স্থানীয় বাসিন্দা কদম আলী বলেন, তার সংসারে স্ত্রী থাকা সত্ত্বেও প্রতিবন্ধী শিশুর সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাকে পুলিশের কাছে সোপর্দ করা উচিত।
ভুক্তভোগী শিশুর মা রেহেনা পারভিন অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
তিনি আরও অভিযোগ করেন, ভবানীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বকুল হোসেন ঘটনাটি মীমাংসার কথা বলে তার কাছে এক হাজার টাকা দাবি করেছিলেন।
তবে অভিযোগের বিষয়ে ইউপি সদস্য বকুল হোসেন বলেন, ‘সে আমার কাছে দরবার চেয়েছিল, আমি বলেছিলাম, দরবার ডাকলে গ্রামপুলিশকে ৩০০ টাকা দিবে কিন্তু সে ২০০ টাকা দিলে আমি টাকা নেয়নি।’
শেরপুর থানার এসআই বিকাশ বলেন, লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



