সুন্দরবনের টেকসই ভবিষ্যৎ গঠনের লক্ষে রূপগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম
বাংলাদেশের প্রাকৃতিক সুরক্ষা বেষ্টনী হিসেবে পরিচিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন, লবণাক্ততা বৃদ্ধি এবং পরিবেশ দূষণের মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সুন্দরবনের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে ইউনিসল গ্রুপ আয়োজন করে ‘Building a Sustainable Future for Sunderban’ শীর্ষক আলোচনা সভা।
নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাটে এমভি মালঙ্গী বোটে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. মো. সাইমুম পারভেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি দেশের পরিবেশ, অর্থনীতি ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ বন রক্ষায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এছাড়া সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন বক্তারা। তাদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে ভবিষ্যতে পরিবেশগত ঝুঁকি আরও বাড়বে।



