রোহিঙ্গা ক্যাম্পে ‘ইউএনএইচসিআর’ এর শুভেচ্ছাদূত তাহসান খান
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪:০৫ পিএম
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’ এর শুভেচ্ছাদূত সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে তিনি উখিয়ার কুতুপালংস্থ ক্যাম্প ১ ইস্ট—এ পরিদর্শনে যান। সেখানে কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা তরুণ—তরুণীদের সঙ্গে গ্রুপ আলোচনা অংশ নেন তাহসান।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, বিকালে তাহসান খান কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে আসবেন এবং রোহিঙ্গা সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন।
রোহিঙ্গা স্বেচ্ছাসেবক মনজুর আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের সঙ্গে ছবি পোস্ট করে লিখেন, “সকাল ১১টার দিকে ক্যাম্প ১ ইস্ট—এ ইউএনএইচসিআর এর গুডউইল অ্যাম্বাসেডর, জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানকে স্বাগত জানানোর সুযোগ হয়েছে। তাঁর এই সফরের সময় একটি ফোকাস গ্রুপ আলোচনার আয়োজন করা হয়েছিল, যেখানে রোহিঙ্গা সম্প্রদায়ের কল্যাণ ও ভবিষ্যৎ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা অর্থবহ ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে তাঁদের দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা এবং পরামর্শগুলো অত্যন্ত শ্রদ্ধাপূর্ণভাবে তুলে ধরেন।
ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন, সম্প্রদায়ের মানুষের কথা শোনা এবং গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার জন্য আমরা সম্মানিত গুডউইল অ্যাম্বাসেডরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ ধরনের সফর আশা জাগায়, পারস্পরিক বোঝাপড়া সুদৃঢ় করে এবং মর্যাদা ও সহমর্মিতার সাথে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর গুরুত্বকে পুনর্ব্যক্ত করে।
এদিকে দিনব্যাপি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, বিভিন্ন কার্যক্রম দেখা ও রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে ১২ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩ ক্যাম্পে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা শরণার্থীদের মানবিক সেবায় পাশে দাঁড়িয়েছে।
২০১৯ সাল থেকে শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দিতে ইউএনএইচসিআরের বিভিন্ন কার্যক্রমে যুক্ত হন তাহসান খান। ২০২১ সালে তাকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেয় ইউএনএইচসিআর।



