Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল বাস্তবায়নে কর্মপরিকল্পনা সভা

Icon

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:২৩ পিএম

কলমাকান্দায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল বাস্তবায়নে কর্মপরিকল্পনা সভা

নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) সফল বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা বিভাগ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রতিটি শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় এনে ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুধু একটি স্বাস্থ্যসেবা কার্যক্রম নয়, বরং শিশুদের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কর্মসূচির সফল বাস্তবায়নে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা এবং গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত কেন্দ্রে শিশুদের উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ক্যাম্পেইনের লক্ষ্য, বাস্তবায়ন কৌশল ও মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরে আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সোহরাব হোসাইন লিংকন, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম এবং ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল হবে এবং উপজেলার কোনো শিশুই এ সেবা থেকে বঞ্চিত হবে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন