Logo
Logo
×

সারাদেশ

মেহেরপুর সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, স্থানীয়দের বাধায় ব্যর্থ বিএসএফ

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:৫৮ এএম

মেহেরপুর সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, স্থানীয়দের বাধায় ব্যর্থ বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের সতর্কতা ও বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে ওই ব্যক্তিরা আবার ভারতীয় সীমান্তের দিকে ফিরে যায়।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে সহড়াতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে নারী-পুরুষসহ ১০ জনকে সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানো হয়। পরে তারা সহড়াতলা গ্রামের ভেতর দিয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়।

এ সময় গ্রামবাসী তাদের পরিচয় জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেনি। একপর্যায়ে স্থানীয়রা তাদের চলাচলে বাধা দিলে পরিস্থিতি বেগতিক দেখে ওই ১০ জন পুনরায় সীমান্তের দিকে ফিরে যায়।

ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক নুরুল হুদা বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন মেনে নেওয়া হবে না। এ ধরনের যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন