‘৪ মাসেই নির্বাচনী প্রতিশ্রুতির দৃশ্যমান বাস্তবায়ন, ৫ বছরে সব অঙ্গীকার পূরণ হবে’
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৪৩ পিএম
নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, গত ১৭ বছর স্বৈরাচারী সরকার জনগণের কল্যাণে কোনো কার্যকর সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেনি। তারা জনগণের উন্নয়নের পরিবর্তে লুটপাটে ব্যস্ত ছিল। জনগণের জন্য কাজ না করায় আজ তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং নির্বাহী আদেশে তাদের দল নিষিদ্ধ হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, বিএনপি সরকার পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে তার সবকিছু বাস্তবায়ন করবে। ইতোমধ্যে মাত্র চার মাসেই এর দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে এসেছে। অতীতে কোনো সরকারের আমলে এত অল্প সময়ে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের এমন নজির দেখা যায়নি। দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই এটি সম্ভব হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সামাজিক কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী পৌর শহরের কান্দাপাড়ায় অবস্থিত ঐতিহাসিক প্রসন্ন সাহার শতবর্ষী পুকুর পুনরুদ্ধার ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীর্ঘদিনের অবহেলায় ময়লা-আবর্জনায় ভরাট হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়া পুকুরটি নরসিংদী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা টানা ১৮ দিনের শ্রমে পুনরায় ব্যবহারোপযোগী করে তোলেন।
নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শিরীন সুলতানা, বিশিষ্ট শিল্পপতি ও চিনিশপুর কালীবাড়ি মন্দিরের সভাপতি সুরুজ কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক দীপঙ্কর সাহা রানা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
এর আগে অতিথিরা নরসিংদী সরকারি মহিলা কলেজের সামনে একটি অভিভাবক ছাউনির উদ্বোধন করেন। এছাড়া প্রসন্ন সাহার পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, পুকুরপাড়ে বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচিতে অংশ নেন।



