Logo
Logo
×

সারাদেশ

বাইপাস সড়ক হলে বদলে যাবে কলমাকান্দার অর্থনীতি: ডেপুটি স্পিকার

Icon

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৩৭ পিএম

বাইপাস সড়ক হলে বদলে যাবে কলমাকান্দার অর্থনীতি: ডেপুটি স্পিকার

নেত্রকোনার কলমাকান্দা বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত বাইপাস সড়ক বাস্তবায়িত হলে তা কলমাকান্দার অর্থনৈতিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করবে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে কলমাকান্দার উন্নয়নের প্রশ্নে কোনো বিভেদ থাকার সুযোগ নেই। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা এমন একটি আধুনিক ও উন্নত কলমাকান্দা গড়ে তুলতে চাই, যা ভবিষ্যৎ প্রজন্ম গর্বের সঙ্গে স্মরণ করবে।”

তিনি বলেন, কলমাকান্দা বাজারকে কেন্দ্র করে পরিকল্পিত বাইপাস সড়ক ও মহাসড়ক নির্মাণ করা গেলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। বাজারে যানবাহনের চাপ কমবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং জমির মূল্য বৃদ্ধি পাবে। ফলে স্থানীয় অর্থনীতি নতুন গতি লাভ করবে।

ডেপুটি স্পিকার আরও বলেন, “কলমাকান্দাকে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি। ভবিষ্যতে পৌরসভা প্রতিষ্ঠা করা গেলে ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য নাগরিক সুবিধা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।”

যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে শিক্ষা ও ক্রীড়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমরা একটি শিক্ষাবান্ধব, মানবিক ও মাদকমুক্ত কলমাকান্দা গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে স্পোর্টস স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নতুন প্রজন্মের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।”

উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, “জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পের মান বজায় রাখতে হবে। কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহার বরদাশত করা হবে না।”

সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের প্রশংসা করে তিনি বলেন, কলমাকান্দার উন্নয়ন কোনো ব্যক্তি বা দলের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন এবং কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

এসময় নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি খায়ের, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা এনসিপির সমন্বয়ক আহমেদ শফি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী প্রতিনিধি, ইমাম, পুরোহিত, ফাদার, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবিত বাইপাস সড়কের সম্ভাব্য এলাকা এবং কলমাকান্দা বাজার সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রকল্পটি বাস্তবায়িত হলে যানজট নিরসনের পাশাপাশি কলমাকান্দার অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন