Logo
Logo
×

সারাদেশ

অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

Icon

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০৫ পিএম

অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) রাত ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু খান ওই গ্রামের মৃত আবাল হোসেন খানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতেও তিনি নিজের অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বৈদ্যুতিক বোর্ডে সংযোগ দিতে গেলে হঠাৎ শর্ট সার্কিটের ঘটনা ঘটে এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শৌভিক শ্রাবণ দত্ত জানান, হাসপাতালে আনার আগেই বাচ্চু খানের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপরই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামবাসীর মধ্যেও বিরাজ করছে গভীর শোক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন