Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে মামলার আসামি প্রকাশ্যে, স্থানীয় বিএনপিতে ক্ষোভ

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:২৪ পিএম

সোনারগাঁয়ে মামলার আসামি প্রকাশ্যে, স্থানীয় বিএনপিতে ক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এক আসামি আল আমিন প্রকাশ্যে চলাফেরা করছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে তার একাধিক ছবি ছড়িয়ে পড়ায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের মরহুম হাজী আব্দুল বারেকের ছেলে আল আমিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলা রয়েছে। তবে মামলার আসামি হওয়ার পরও তিনি আত্মগোপনে না গিয়ে এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে আল আমিনের ঘনিষ্ঠভাবে তোলা একাধিক ছবি ছড়িয়ে পড়ে। এসব ছবি নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, আল আমিনের সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের যোগাযোগ রয়েছে এবং তিনি তাদের সঙ্গে নিয়মিত ওঠাবসা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতা অভিযোগ করেন, মামলার আসামি হওয়া সত্ত্বেও আল আমিনের প্রকাশ্যে চলাফেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আল আমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন