শেরপুরে তিন মাদককারবারি আটক, গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:১৭ পিএম
বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের বেলঘড়িয়া বাজার এলাকায় মাদক বিক্রির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা। এ সময় জীবন নামে আরও একজন অভিযুক্ত পালিয়ে যান বলে জানা গেছে।
শনিবার (২০ জুন) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—জসিম (৬০), জোসনা (৪৮) এবং তাঁদের ছেলে কষ্ট (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় জসিমের বাড়িতে ইয়াবা ও গাঁজা বিক্রির অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে প্রায় ১০ দিন আগে স্থানীয়ভাবে তাঁদের সতর্ক করা হয়েছিল বলে দাবি করেন এলাকাবাসী। কিন্তু এরপরও মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, শুক্রবার রাতে কয়েকজন যুবক মাদক সেবন করে মাতাল অবস্থায় এলাকায় ঘোরাফেরা করেন। এর জেরে শনিবার বিকেলে বিএনপির কয়েকজন নেতা-কর্মী ও এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে গিয়ে মাদক বিক্রির বিষয়ে প্রতিবাদ জানান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে অভিযুক্তরা এক নারী বিএনপি নেত্রীকে ধাক্কা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে এলাকাবাসী ও বিএনপি নেতা-কর্মীরা চারজনকে আটক করলেও জীবন নামে একজন পালিয়ে যেতে সক্ষম হন।
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাহমুদ ও পৌর মহিলা বিষয়ক সম্পাদক রিচি জানান, খবর পেয়ে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি চালান। এ সময় একটি দেশীয় অস্ত্র, গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আটক তিনজনকে শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের দাবি, এর আগেও জসিম ও জোসনাকে মাদকসংক্রান্ত অভিযোগে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল।
এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার বলেন, “তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”



