কালেমার পতাকা পোড়ানোর প্রতিবাদে শেরপুরে এক হাজার পতাকা নিয়ে মিছিলের ঘোষণা
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:০৭ পিএম
বগুড়ার শেরপুরে কালেমার পতাকা পোড়ানোর ঘটনার প্রতিবাদে আগামী শুক্রবার এক হাজার কালেমার পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ জুন) জুমার খুতবায় শাহী জামে মসজিদের ইমাম আব্দুল আওয়াল এ ঘোষণা দেন।
খুতবায় তিনি বলেন, “মুসলমান ঘরে জন্ম নিয়েও অনেকে ইহুদি-খ্রিষ্টানসহ বিভিন্ন জাতির পোশাক ও সংস্কৃতি অনুসরণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তারা আর্জেন্টিনা, ব্রাজিলসহ বিভিন্ন দেশের পতাকার রঙের পোশাক পরিধান করেন।” তিনি আরও অভিযোগ করেন, কয়েকদিন আগে ঢাকার হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা খুলে আগুন দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আগামী শুক্রবার এক হাজার কালেমার পতাকা নিয়ে মিছিল করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে জানতে চান, “আপনারা কি মিছিলে অংশগ্রহণ করবেন?” জবাবে উপস্থিত মুসল্লিরা দুই হাত তুলে সম্মতি জানান।
মসজিদের মুসল্লি আব্দুর রশিদ বলেন, “কালেমার পতাকা আগুনে পোড়ানো কোনোভাবেই ঠিক হয়নি। এ ঘটনার প্রতিবাদ জানানো উচিত।”
জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে টাঙানো বেশ কিছু ‘কালেমার পতাকা’ কে বা কারা সরিয়ে বা নামিয়ে ফেলেছে。১৫-১৭ জুন ২০২৬ তারিখের দিকে একদল তরুণ ফ্লাইওভারে এই পতাকাগুলো উত্তোলন করেছিল।পরবর্তী সময়ে এগুলো খুলে ফেলার বেশ কয়েকটি ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
তবে ফ্লাইওভার কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অফিশিয়ালি এই পতাকা অপসারণের দায়ভার কেউ স্বীকার করেনি। কারা বা ঠিক কী কারণে পতাকাগুলো নামিয়েছে, তার কোনো সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “এ বিষয়ে এখনো কোনো তথ্য পাইনি। তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



