উখিয়ায় সড়ক দুর্ঘটনা: আইওএমের গাড়ির চাপায় শিশু নিহত
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:০২ পিএম
কক্সবাজারের উখিয়ায় রাস্তা পারাপারের সময় ‘আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম’ এর গাড়ীর চাপায় অজ্ঞাত এক শিশু নিহত হয়েছে; এ ঘটনায় দুর্ঘটনা কবলিত গাডীটি জব্দ সহ চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উখিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান, হাইওয়ে পুলিশের শাহপুরী থানার ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম।
নিহত শিশুর বয়স আনুমানিক ১২ বছর বলে তথ্য দিলেও নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
আটক চালক মো. ইসহাক মিন্টু (৪০) কক্সবাজার শহরের বাসিন্দা এবং জব্দ করা গাড়ীটির চালক।
স্থানীয়দের বরাতে পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, বিকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আইওএম সংস্থার কর্মিদের বহনকারি একটি কক্সবাজার ফিরছিল। গাড়ীটি উখিয়ারঘাট এলাকায় পৌঁছলে এক শিশু রাস্তার পারাপারের সময় ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় ঘটনাস্থল থেকে আইওএম সংস্থার দুর্ঘটনা কবলিত গাড়ীটি জব্দ এবং চালককে জিজ্ঞাসাবাদের পুলিশ হেফাজতে নিয়েছে।
নিহত শিশুর পরিচয় শনাক্তে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলে জানান, পরিদর্শক সাইফুল ইসলাম।



