বিসিবির পরিচালক ও মিডিয়া চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আসিফ সিরাজ রব্বানীকে সংবর্ধনা
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:০০ পিএম
বগুড়ার শেরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক ও মিডিয়া বিভাগের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হওয়াতে জাতীয় সংসদ সদস্য বগুড়া -০৫ (শেরপুর-ধুনট) গোলাম মোঃ সিরাজকে সংবর্ধনা দিয়েছে শেরপুর উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৬টায় শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জানে আলম খোকা, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ ও তাঁর পুত্র আসিফ সিরাজ রব্বানীকে শুভেচ্ছা জানাতে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে তাঁদের সংবর্ধনা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা আসিফ সিরাজ রব্বানীর বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন এবং দেশের ক্রিকেটের উন্নয়নে তাঁর সফলতা কামনা করেন।



