শেরপুরে শিক্ষা উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সিরাজ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:২৫ পিএম
বগুড়ার শেরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি শিক্ষা উন্নয়ন, শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন এবং দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
দিনের শুরুতে তিনি শেরপুর পৌর এলাকার টাউন কলোনিতে অবস্থিত শেরপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, ব্যাগ, শিক্ষা উপকরণ ও হুইলচেয়ার বিতরণ করেন।
এরপর তিনি টাউন কলোনি এ জে উচ্চবিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন। একই দিনে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে এবং আগামী পাঁচ বছরে তা ধাপে ধাপে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার গুণগত উন্নয়নের জন্য শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।
তিনি শিক্ষকদের দল-মতের ঊর্ধ্বে থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানগুলোতে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক মেয়র জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান হারেজ, বিসিবির পরিচালক ও বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে শেরপুরের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়।



