সুন্দরবনে নারীকে টেনে নিয়ে গেল কুমির, মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:৫৩ পিএম
সুন্দরবন সংলগ্ন শেলা নদীর চরে মাছের রেণু পোনা ধরার সময় একটি বন্য কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দাদের যৌথ তৎপরতায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সেলিনা বেগম স্থানীয় জয়মনি গ্রামের আব্দুল শেখের স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সুন্দরবন সংলগ্ন জয়মনি এলাকার শেলা নদীর চরে জাল দিয়ে মাছের পোনা ধরছিলেন সেলিনা বেগম। বিকেল আনুমানিক ৬টার দিকে হঠাৎ একটি বন্য কুমির নদী থেকে উঠে এসে তাকে আক্রমণ করে এবং টেনে গভীর পানির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জয়মনি ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্য ও স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে কুমিরটিকে ধাওয়া করেন। দীর্ঘক্ষণ চেষ্টা ও খোঁজাখুঁজির পর, সন্ধ্যা ৭টার দিকে নদী থেকে সেলিনা বেগমের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
জয়মনি ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্য নান্টু গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীর চরে পোনার জাল টানার সময় আকস্মিকভাবে এই ঘটনা ঘটে। স্থানীয়দের সাহসিকতায় কুমিরের মুখ থেকে মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়েছে।



