চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীর আলীর মৃত্যুদণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:০৭ পিএম
চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লাশ ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনায় প্রধান আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন। মামলায় মোট ৩৩ জন সাক্ষ্য দিয়েছেন।
সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট, আলামত উদ্ধার এবং সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। আদালত পর্যবেক্ষণে বলেছেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত, নিষ্ঠুর ও নৃশংস, যা সমাজে আতঙ্ক সৃষ্টি করেছে।
২০২২ সালের ১৫ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় সোহেল রানার মেয়ে আয়াত নিখোঁজ হয়। পরে তদন্তে উঠে আসে, বাসার ভাড়াটে আবীর মুক্তিপণের উদ্দেশ্যে আয়াতকে অপহরণ করে। পরিকল্পনা ব্যর্থ হলে তাকে হত্যা করে লাশ খণ্ডিত অবস্থায় সাগরপাড় ও খালের পাশে ফেলে দেওয়া হয়।
২০২৩ সালের ১০ অক্টোবর পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দেয়। এতে আবীর আলী ও তার ১৭ বছর বয়সি এক বন্ধুকে আসামি করা হয়। কিশোর হওয়ায় তার বিচার শিশু আদালতে চলছে।



