মাতামুহুরিতে নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:২১ পিএম
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় নিখোঁজের দুইদিন পর ডোবার পানিতে ভাসমান অবস্থায় এক শিশুর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান, চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন।
মৃত উদ্ধার ওয়াহিদুল ইসলাম (৭) মাতামুহুরীর পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাইজপাড়ার তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।
স্থানীয়দের বরাতে মনির হোসেন বলেন, রোববার ( ১৫ জুন) সন্ধ্যার পর থেকে হঠাৎ নিখোঁজ হয় শিশু ওয়াহিদ। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
মঙ্গলবার সকালে স্থানীয় একটি পরিত্যক্ত ডোবায় তার লাশ ভাসতে দেখে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করেছে।
ওসি জানান, এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর সন্দেহ অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তবে ঘটনাটি তদন্তের পর খুনের প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
মৃতের শরীরে আঘাতের কোন চিহ্ন না থাকলেও শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন পুলিশ।
স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, সকালে ৪ নম্বর ওয়ার্ড ফজু মিয়াজিরচরের ডোবায় শিশু ওয়াহিদুল ইসলামের লাশ স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে তিনি সহ উৎসুক হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ বলেন,খবর পেয়ে পুলিশ নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ মাঠে রয়েছে।



