Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ১৫ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি

Icon

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:০৮ পিএম

কুড়িগ্রামে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ১৫ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি

অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কুড়িগ্রামে ১৫ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যরা অংশ নিচ্ছেন।

সোমবার (১৫ জুন) সকালে কুড়িগ্রাম শহরের ‘আলোর ভুবন’-এ জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে হরিজন, কামার, রবিদাস, জেলে, বাদ্যকর ও হিজড়া সম্প্রদায়ের মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম মনিরুজ্জামান এবং রাজারহাট উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোছা. ববিতা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কর্মকর্তা মুহঃ হুমায়ুন কবির।

জেলা সমাজসেবা কর্মকর্তা মুহঃ হুমায়ুন কবির জানান, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পশুপালন, মাশরুম চাষ এবং কুটিরশিল্প বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে। এর মাধ্যমে তারা কর্মসংস্থান সৃষ্টি ও আয়বর্ধক কার্যক্রমে যুক্ত হয়ে জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথকে আরও সুগম করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন