মুন্সিগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:১৩ এএম
মুন্সিগঞ্জে বসতঘরে ঢুকে মা ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শান্ত। স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার জমিদারপাড়া এলাকার সৌদি প্রবাসী জনি ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হন প্রবাসী জনি ইসলামের স্ত্রী রিতা মণি ইসলাম (৩০) এবং তাদের মেয়ে জান্নাতুল ইসলাম রিধি (১১)।
পুলিশ জানায়, আহত স্কুলছাত্রী রিধি মুন্সিগঞ্জে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, আহতদের আত্মচিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসে। পরে তারা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেয়। এরপর আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা শেষে একজনকে ভর্তি করা হয়।
এদিকে খবরটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে অভিযুক্ত ব্যক্তিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের সামনে তাকে মারধর করা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হট্টগোল সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তিনি আরও জানান, তদন্ত সাপেক্ষে আহতদের পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



