Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি’ জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:১৪ পিএম

নরসিংদীতে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি’ জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আওতাভুক্ত ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ এর আয়োজনে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি’ জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৪ জুন) দিনব্যাপী নরসিংদী সদর উপজেলা পরিষদের অমৃতসাগর মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা তাদের ব্যতিক্রমী ও সময়োপযোগী প্রকল্প উপস্থাপন করে দর্শক ও বিচারকদের মুগ্ধ করেন।

গত ১২ জুন জেলার ৬টি উপজেলায় প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী দলগুলোর মধ্যে প্রতিটি উপজেলা থেকে ১ম হওয়া ৬টি দল জেলা পর্যায়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারী দলগুলো হলো- ‘Geothermal Power Plant’ Project নিয়ে সদর উপজেলার সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ, ‘Smart QR Farming’ Project নিয়ে পলাশ উপজেলার প্রাণ-আরএফএল পাবলিক স্কুল, Next-Gen Eco Smart City’ Project নিয়ে শিবপুর উপজেলার গোলেস্তা-হাফিজ মেমোরিয়াল ইনস্টিটিউট, ‘নারী নিরাপত্তা ব্রেসলেট’ প্রকল্প নিয়ে বেলাব উপজেলার হোসেন নগর পাইলট হাই স্কুল, IOT Based Electricity Theft Detection System Project নিয়ে মনোহরদী উপজেলার মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ‘কলা গাছের কান্ড থেকে সহজেই পরিবেশ বান্ধব প্লাস্টিক তৈরি’ প্রকল্প নিয়ে রায়পুরা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতায় তাদের প্রকল্প উপস্থাপন করে।

জেলা পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন, শিক্ষা ও কল্যাণ শাখা'র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: খালিদ হোসেন শিমুল, নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাইন উদ্দিন, জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল খালেক, সহকারী জেলা শিক্ষা অফিসার (অবসর প্রাপ্ত) মো: আকরাম হোসেন,

ব্রাহ্মন্দী কামেনি কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই।

স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি জেলা পর্যায়ে প্রতিযোগিতায় উপজেলা হতে আগত দলগুলোর মধ্যে প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নে রায়পুরা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের "কলা গাছের কাণ্ড থেকে সহজেই পরিবেশ বান্ধব প্লাস্টিক তৈরি" প্রকল্প প্রথম স্থান অর্জন করে। পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের ধারণাকে সামনে রেখে তৈরি এ প্রকল্পটি বিশেষভাবে প্রশংসিত হয়। এছাড়া মনোহরদী উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের IOT Based Electricity Theft Detection System প্রকল্প দ্বিতীয় এবং সদর উপজেলার সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের Geothermal Power Plant প্রকল্প তৃতীয় স্থান লাভ করে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

এর আগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান। এছাড়াও উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী, উৎপাদনমুখী ও সময়োপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধান দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশের উদ্দেশ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাস্তবায়িত "পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম"-এর উদ্যোগে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে Startup, Science Project and Innovation Idea Showcasing Programme.

এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক নিয়ে একটি দল গঠন করা হয়। দলগুলো উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প অথবা ইনোভেশন আইডিয়া প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নেবে।

স্টার্টআপ বিভাগে শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন ব্যবসায়িক বা সেবাধর্মী ধারণা উপস্থাপন করবে। বিজ্ঞান প্রকল্প বিভাগে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন সূত্র ও তত্ত্বের ব্যবহারিক প্রয়োগভিত্তিক মডেল প্রদর্শন করা হবে। অন্যদিকে ইনোভেশন আইডিয়া বিভাগে শিক্ষার্থীরা মানুষের জীবন সহজ ও কার্যকর করতে নতুন ও বাস্তবসম্মত উদ্ভাবনী ধারণা তুলে ধরবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন