প্রধানমন্ত্রী অনুষ্ঠানে আসা প্রাইভেটকারে মিলল ৬ হাজার ইয়াবা, যুবদল ও মৎস্যজীবী দলের নেতাসহ আটক ৩
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম
কক্সবাজারে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিতে টেকনাফ থেকে আসা প্রাইভেটকার তল্লাশি করে ৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ইউনিয়ন যুবদল নেতা এবং মৎস্যজীবী দলের নেতাসহ ৩ জনকে আটক করা হয়েছে। ইতোমধ্যে ঘটনা জানাজানি হওয়ার পর সংগঠন থেকে অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার করে বিবৃতি প্রদান করেছে উপজেলা যুবদল।
শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের ভোলাবাবুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. মছিউর রহমান।
আটকরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মৎস্যজীবী দলের সদস্য সচিব এবং হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে মফিজ উল্লাহ (৩৮), হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক এবং কাঞ্জরপাড়ার মোহাম্মদ ইদ্রিসের ছেলে ফরিদুল আলম (৩৭), কক্সবাজার শহরের আলীর জাহান এলাকার মৃত মতিউর রহমানের ছেলে কাসিপুর রহমান সারুপ (১৯)।
আটকদের রাজনৈতিক পরিচয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষে নিশ্চিত করা না হলেও টেকনাফ উপজেলা স্ব-স্ব সংগঠনের নেতারা পরিচয় নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. মছিউর রহমান জানান, শনিবার প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে কেন্দ্র করে ডিবি পুলিশের বিশেষ টহল জোরদার করা হয়। এর মধ্যে সকাল ১০টার দিকে ভোলাবাবুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় প্রাইভেটকারটি টহল দলকে দেখে সন্দেহজনক আচরণ করে। প্রাইভেটকারটি থামানোর সংকেত দিলে চালক দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করলে ডিবি সদস্যরা ধাওয়া করে গাড়িটি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
গাড়িতে থাকা তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং গাড়ির চালক গাড়িটির বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় তাদের কার্যকলাপ আরও সন্দেহজনক বলে প্রতীয়মান হয়। এর প্রেক্ষিতে গাড়িটি ওয়ার্কশপে নিয়ে তল্লাশি করলে গাড়ির বডির নিচে সাইলেন্সার পাইপের উপরে বিশেষভাবে নির্মিত একটি গোপন প্রকোষ্ঠ থেকে কালো টেপে মোড়ানো একটি বান্ডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বান্ডিল খুলে পাওয়া যায় ৬ হাজার ইয়াবা।
শনিবার রাতেই এ ব্যাপারে মামলা করে আটকদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি ডিবি।
টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুম জানান, ফরিদুল আলম হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মফিজ উল্লাহ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মৎস্যজীবী দলের সদস্য সচিব। এরা গাড়িটি নিয়ে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে আসার কথা ছিল। গাড়িটি মফিজ উল্লাহর। পরে ডিবি পুলিশের অভিযানে আটকের বিষয়টি জানা গেছে। এরপর উপজেলা যুবদলের পক্ষে ফরিদুল আলমকে বহিষ্কার করা হয়েছে।
টেকনাফ উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জালাল উদ্দিন জানান, মফিজ উল্লাহকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।



