জনস্বাস্থ্যের ক্ষতি হবে না এমন জায়গায় ময়লার ভাগাড় করতে হবে: পল্লী ও সমবায় প্রতিমন্ত্রী
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:৩৭ পিএম
স্থানীয় সরকার, পল্লী ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, মহাসড়কের পাশে কোন ধরনের ময়লার ভাগাড় করা যাবে না। জনস্বাস্থ্যের ক্ষতি হবে না এমন জায়গায় ময়লার ভাগাড় বা ল্যান্ডফিল্ড করতে হবে। আমরা ইতিমধ্যেই দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভা গুলোতে এমন নির্দেশনা দিয়ে দিয়েছি।
রবিবার সকালে রূপগঞ্জের গোলাকান্দাইল ও ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের পাশের ময়লার ভাগাড় অপসারণ কার্যক্রম পরিদর্শন করে সেখানে বৃক্ষ রোপণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, রূপগঞ্জের ময়লার ভাগাড়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এসেছে। তিনি আমাদেরকে নোটিশ করেছে এই কারণে আমরা এটি পরিদর্শনে এসেছি। ঈদের ছুটিতে এখানে ময়লা ফেলা হয়েছে। গত দুইদিন ধরে এ ময়লার ভাগাড় অপসারণের কাজ চলছে। পরবর্তীতে যাতে এখানে ময়লা না ফেলা হয় সেটির ব্যাপারে স্থানীয় প্রশাসন পদক্ষেপ নিবে।
বিদেশি অনেক কোম্পানি আছে যারা ময়লা আবর্জনা থেকে জৈব সার ও মিথাইন গ্যাস তৈরীর কাজ করছে। যখন এই ময়লাকে পুনরায় সার অথবা গ্যাস তৈরির করে ব্যবহার করা হবে তখন ময়লা আবর্জনার সংখ্যা অনেকটা কমে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম,জেলা সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।



