খুলনায় ফজরের নামাজে মসজিদে গুলি, দুই মুসল্লি আহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:২৫ পিএম
খুলনায় ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে ঢুকে একদল সশস্ত্র দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লোকমান হাকিম (৪৫) এবং স্থানীয় মুসল্লি আলম শেখ (৫৫) গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে লোকমান হাকিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ চলাকালে কয়েকজন দুর্বৃত্ত মসজিদে প্রবেশ করে সরাসরি লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা আলম শেখও গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় দুজন মেঝেতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে লোকমান হাকিমের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়।
খুলনা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে। সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।
পুলিশ জানিয়েছে, লোকমান হাকিম ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একজন তালিকাভুক্ত ঠিকাদার এবং জ্বালানি তেল ব্যবসায়ী। ব্যবসায়িক দ্বন্দ্ব বা পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।



