ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে শিশু মৃত্যু বেড়ে ৫১
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:৩৬ এএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।
রোববার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার। মৃত শিশুটির বয়স আড়াই বছর, বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। গত ৪ জুন হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ জুন) সকাল ১১টায় তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ শিশু হামের লক্ষণ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত মোট ২ হাজার ৮৭ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯৪০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৯৬ জন শিশু। গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
ময়মনসিংহ জেলা থেকে পরীক্ষার জন্য পাঠানো ১ হাজার ৩৬২টি নমুনার মধ্যে ২০৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
চিকিৎসাধীন এক শিশুর অভিভাবক আরিফ মিয়া অভিযোগ করে বলেন, প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা বাড়লেও সেবার মান বাড়ছে না। বেড সংকট, সীমিত আইসিইউ সুবিধা এবং ওষুধের অভাবের কারণে ভোগান্তি বাড়ছে। হাসপাতালের বাথরুমের অবস্থাও নাজুক।
ডা. ঝন্টু সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৫১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন ২৫ শিশু ভর্তি হয়েছে।



