২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শহিদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৫:২৩ পিএম
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ৫ বছরে বাস্তবায়িত হতে যাওয়া কর্মসূচিটির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটের রিংভং এলাকায় একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ তার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
সরকারি সূত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে তিন লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে সরকার।
২০২৬-২৭ অর্থবছরের জন্য কর্মসূচির আওতায় ২৫ হাজার ৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার চারা, ৩ হাজার ৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭ লাখ ২৭ হাজার চারা এবং ৪ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বসতবাড়ি বনায়নের জন্য আরও ৫৬ লাখ চারা বিতরণ ও রোপণের পরিকল্পনা রয়েছে।
সকাল ১০টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচির স্থলে যান প্রধানমন্ত্রী। খাল উদ্বোধনের পর চকরিয়া ডুলহাজারা সাফারি পার্ক পরিদর্শন করে।
এরপর তিনি পেকুয়া উপজেলায় ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেন। এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এরপর নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাতে অংশ নিতে রওয়ানা হন।
এরপর চকরিয়া পৌরসভা এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে তিনি মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন।
সফরের শেষ পর্যায়ে রাত ৮ টায় কক্সবাজারের কলাতলীস্থ লং বিচ হোটেলে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।



