জমি বিরোধের জেরে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার বাড়িতে হামলা, আহত স্বামী-স্ত্রী
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৪:৩২ পিএম
কিশোরগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তার বাড়িতে হামলা, ভাঙচুর এবং তাকে ও তার স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পর ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন/এইচআর) মো. আনিছুর রহমান খন্দকার কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার সার্কিট হাউজের পেছনে নিজস্ব ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল বলে জানা গেছে।
ভুক্তভোগী আনিছুর রহমানের দাবি, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল জলিল, তার দুই ছেলে শুভ ও সাজনসহ কয়েকজনের বিরুদ্ধে তিনি পূর্বে মারধর ও চাঁদাবাজির একটি মামলা দায়ের করেছিলেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এরপর থেকেই অভিযুক্তরা মামলা তুলে নেওয়ার জন্য তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং হয়রানি করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ১৩ মে সকাল ৮টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আনিছুর রহমানের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালায়। তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ৯টার দিকে আনিছুর রহমান ও তার স্ত্রী মনোয়ারা খানম কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তারা সার্কিট হাউজের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা অভিযুক্তরা তাদের গতিরোধ করে। এরপর তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
অভিযোগ অনুযায়ী, হামলার একপর্যায়ে একজন অভিযুক্ত ধারালো চাকু দিয়ে আনিছুর রহমানের পেটে আঘাত করার চেষ্টা করলে তিনি আত্মরক্ষার জন্য হাত বাড়িয়ে দেন। এতে তার বাম হাতে গভীর কাটা জখম হয়। একই সময় তার স্ত্রী মনোয়ারা খানমের ওপরও হামলা চালানো হয়। হামলাকারীরা কাঠের বর্গা ও বাঁশের লাঠি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তার মাথায় রক্তাক্ত জখমের পাশাপাশি হাতে গুরুতর আঘাত লাগে এবং হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দম্পতির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় আনিছুর রহমান ও মনোয়ারা খানমকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী আনিছুর রহমান খন্দকার কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা লিখিত অভিযোগ গ্রহণ করেছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



