Logo
Logo
×

সারাদেশ

পাতলি খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৩৭ এএম

পাতলি খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে কক্সবাজার সদরের পিএম খালী এলাকায় পিতার স্মৃতিবিজড়িত পাতলি খাল পুনঃখনন উদ্বোধন করেছেন। এ সময় তিনি বৃক্ষরোপণও করেন।

উদ্বোধন শেষে সেখানে শুরু হয় পথসভা। বৃষ্টি উপেক্ষা করে জনতার ঢল নামে। সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

এর আগে সকাল দশটায় তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে সরাসরি পাতলি খালে যান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালের খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন এবং পরবর্তীতে আরও কয়েকবার সফর করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কেও যাবেন। সেখানে বেলা ১২টায় ‘সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন শেষে পার্কটি ঘুরে দেখবেন।

পরে তিনি পেকুয়া উপজেলায় ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

দুপুর দেড়টায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর পেকুয়ায় গিয়ে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও যোগ দেবেন। সেখানে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে তিনি চকরিয়ার উদ্দেশে রওনা দেবেন।

বিকেল ৪টায় চকরিয়া পৌরসভা এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। জনসভা শেষে সন্ধ্যা ৬টায় তিনি মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন।

সফরের শেষ পর্যায়ে রাত ৮টায় কক্সবাজারের কলাতলীস্থ লং বিচ হোটেলে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন বলে তার ভাষ্য।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন