নিজের জমি ছেড়ে রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৭:৪৯ পিএম
বগুড়ার শেরপুর উপজেলার বিশ্বরোড সংলগ্ন ছোনকা থেকে চোমরপাথালিয়া পর্যন্ত পাকা সড়কের পাশে স্বরো সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নতুন একটি রাস্তা নির্মাণ করে এলাকাবাসীর চলাচলের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করা হয়েছে।
প্রায় ৬ ফুট প্রশস্ত ও ৫০০ ফুট দীর্ঘ এ রাস্তাটি গত ৩ জুন গ্রামের সাধারণ মানুষ সম্মিলিতভাবে নির্মাণ করেন। তবে রাস্তার কিছু অংশ বাঁকা থাকায় যাতায়াতে কিছুটা অসুবিধা হচ্ছিল। বিষয়টি উপলব্ধি করে সরকার পরিবারের বড় ছেলে মোস্তফা কামাল, যিনি একজন সাবেক অডিট অফিসার, ঢাকা থেকে গ্রামে এসে শুক্রবার (১২ জুন) স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে নিজের জমির ওপর দিয়ে রাস্তার বাঁকা অংশ সোজা করে দেন।
জানা যায়, স্বরো সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে সরকার পরিবারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। স্বরো মৌজার বি নকশাতে এলাকায় সরকার পরিবারের জমি ছাড়া অন্য কোনো ব্যক্তির জমি নেই। দীর্ঘদিন ধরে তাদের বাড়ির ওপর দিয়ে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পাশাপাশি পাশ্ববর্তী হলদীবাড়ি গ্রামের প্রায় ৫০০ পরিবারের মানুষ চলাচল করে আসছিলেন।
জনস্বার্থের কথা বিবেচনা করে মোস্তফা কামালের পাশাপাশি তার বংশের রজব আলী সরকার, বাদশা মিয়া ও আশরাফুল আলমও রাস্তা নির্মাণের জন্য নিজেদের মূল্যবান জমি ছেড়ে দেন।
হলদীবাড়ি গ্রামের বাসিন্দা জয়নাল মৌরী বলেন, “রাস্তাটি আগে বাঁকা ছিল। মোস্তফা কামাল ভাই নিজের জমি ছেড়ে সেটি সোজা করে দিয়েছেন। এজন্য আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
স্থানীয়রা জানান, নতুন এই সোজা রাস্তার ফলে স্বরো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের কয়েক শতাধিক মানুষের যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হবে। এলাকাবাসী জনকল্যাণমূলক এই উদ্যোগের জন্য মোস্তফা কামালসহ সরকার পরিবারের অন্যান্য সদস্যদের প্রশংসা করেছেন।



