সুন্দরবনে কোস্টগার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা, আহত কয়েক সদস্য
মোংলা প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:০৩ পিএম
সুন্দরবনের মোংলা থানাধীন জয়মনির ঘোল কোস্টগার্ড স্টেশনে অতর্কিত হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে হারবারিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে দায়িত্বরত কয়েকজন কোস্টগার্ড সদস্য আহত হয়েছেন।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোংলার জয়মনির ঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের তৎপরতার জন্য পরিচিত। ওই এলাকায় কোস্টগার্ড স্টেশন স্থাপনের পর থেকে দস্যুদের রসদ, অস্ত্র ও অন্যান্য সহায়তার পথ বন্ধ হয়ে যায়। এতে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়ায় একটি চক্র কোস্টগার্ডের উপস্থিতির বিরোধিতা করে আসছিল।
কোস্টগার্ডের দাবি, নিজেদের স্বার্থে কিছু অসাধু মহল স্টেশনটি সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, হামলাকারীদের শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনতে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।



