বাবাকে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন অভিনেতা আদর আজাদ
বগুড়া অফিস
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:৪৪ এএম
আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আদর আজাদের বাবা আকরাম হোসেন বাসেদ। তিনি ফাপোঁড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি।
মঙ্গলবার রাতে ফাপোঁড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চকদূর্গা গ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় অভিনেতা আদর আজাদ, খল অভিনেতা ডন এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আকরাম হোসেন বাসেদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আপনাদের ভালোবাসা ছাড়া আমার কিছুই নেই। আপনাদের ভালোবাসাই আমার শক্তি। সেই শক্তি নিয়েই আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট করতে চাই।’
স্থানীয় বিএনপির নেতারা জানান, আকরাম হোসেন বাসেদ দীর্ঘ ৩০ বছর ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সভায় বক্তব্য দেন অভিনেতা আদর আজাদ। তিনি বলেন, ‘আমার বাবাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আজ এখানে যারা এসেছেন, তারা প্রকৃত অর্থেই দলকে ভালোবাসেন।’
তিনি আরও বলেন, ‘২০১৬ সালে আমার বাবা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। সে সময় নানা প্রতিকূলতা ও মামলা-হামলার মধ্যেও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার মূল শক্তি সততা। ৩০ বছর ধরে রাজনৈতিক পরীক্ষার পরও যদি আবার নিজেকে প্রমাণ করতে হয়, সেটি কষ্টের। তবে আমি আশা করি, জনগণ তাঁকে সমর্থন দেবেন।’
আদর আজাদ বলেন, ‘আমার বাবার চেয়ে বেশি সৎ ও যোগ্য কোনো প্রার্থী দেখাতে পারলে তিনি নির্বাচনে অংশ নেবেন না। কিন্তু দলের নাম ব্যবহার করে কেউ অসৎ কাজ করলে জনগণ তা মেনে নেবে না।’ তিনি ইউনিয়নের উন্নয়নের জন্য বিচারব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্নীতি ও অনিয়ম দমনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য দেন জাসাসের কেন্দ্রীয় নেতা ও চলচ্চিত্র অভিনেতা ডন। তিনি বলেন, ‘আকরাম হোসেন বাসেদের মতো একজন সৎ মানুষের পাশে থাকলে এই ইউনিয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। গত ৩০ বছরে তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি। বিএনপির রাজনীতিকে তিনি সব সময় ধরে রেখেছেন।’
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



